নিম্ন আয়ের দেশগুলোর ঋণঝুঁকি মূল্যায়নে ২০২৭ সালে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ
নতুন কাঠামোতে অভ্যন্তরীণ ঋণ ও জলবায়ু অভিযোজনের গুরুত্ব আরোপ করা হবে।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিম্ন আয়ের দেশগুলোর ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনার সিদ্ধান্ত নিয়েছে। এই কাঠামোটি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যকর হওয়ার কথা। এটি যৌথভাবে ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ) সংস্কারের প্রস্তাব অনুমোদন করে। নতুন কাঠামোয় অভ্যন্তরীণ ঋণ, দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জ এবং জলবায়ু অভিযোজনের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ঋণের ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে এই পরিবর্তন আনা হচ্ছে।
বর্তমান উন্নয়ন ও অর্থনৈতিক অবস্থা সম্প্রতি পর্যালোচনা করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। এই কাঠামোটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো পর্যালোচনা করছে তারা। বর্তমান প্রক্রিয়া ঋণ সংকটের পূর্বাভাস দিতে সহায়ক হলেও কয়েকটি ক্ষেত্রে আরও শক্তিশালী করা প্রয়োজন।
নতুন কাঠামোতে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি বিশ্লেষণের জন্য একটি বিশেষ 'ডোমেস্টিক ডেট মডিউল' সংযোজন করা হবে। এ মডিউলের মাধ্যমে অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা যাবে। সরকারের ঋণ ও ব্যাংক খাতের পারস্পরিক নির্ভরতা থেকেই তৈরি ঝুঁকিগুলোও গভীরভাবে মূল্যায়ন করা হবে।
এছাড়া, অর্থনৈতিক ক্ষতি ও বিভিন্ন ধরণের অর্থনৈতিক চ্যালেঞ্জের ভিত্তিতে ঋণ পরিস্থিতি বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হবে। সরকারি ঋণের তথ্যের পরিধি, মান এবং স্বচ্ছতা বাড়াতে তাদের বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রস্তাব এবং নির্দেশিকা এই কাঠামোটি চূড়ান্ত করার আগে বিবেচনায় নেওয়া হচ্ছে।
নতুন কাঠামোটি ২০২৭ সালে শুরু হওয়ার কারণে সংশ্লিষ্ট নির্দেশিকা ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ সংকট আগেভাগে শনাক্ত করা এবং ঋণের পরিস্থিতি নির্ভুলভাবে মূল্যায়ন সম্ভব হবে।