বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ ১৯ ওয়েবসাইট ও ৮০০ অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

পিআইবির ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০-র বেশি ফেসবুক ও ১০০-র বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে প্রতিমন্ত্রী এই উত্তর দেন। তিনি জানান, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০-র বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০-র বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৯টি ওয়েবসাইট দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে বানানো বলে জানানো হয়।

বাংলাফ্যাক্টের কাজ

লিখিত উত্তরে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। সাংবাদিকদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিক প্রশিক্ষণ

প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করেছে, যেখানে ৪ হাজার ৯৫ জন সাংবাদিক অংশ নেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি কর্মশালায় ৭১৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনের ৪৪টি প্রশিক্ষণে ১ হাজার ৬৯১ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্যাক্ট চেক, গুজব মোকাবিলা এবং বিদ্বেষমূলক প্রচার শনাক্ত করার কৌশলের বিশেষ সেশন রাখা হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের কথাও তিনি জানান।

এ ছাড়া পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতায় দুই বছর মেয়াদি মাস্টার্স এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু আছে বলে সংসদকে জানানো হয়।