শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস দেওয়া হবে না; সরকার বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর চায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লিউ হাইশিং গত মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন।

হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তিনি কি ভারত থেকে তাঁর শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে?” তাঁর মতে, সন্ত্রাসী ও অপরাধীকে হস্তান্তরের জন্যই প্রত্যর্পণ চুক্তি করা হয়েছে এবং এ ক্ষেত্রে পাসপোর্ট লাগে না, প্রয়োজন হয় আইনি প্রক্রিয়া। তিনি আরও বলেন, হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছেন, তাই তাঁকে কোনোভাবেই একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে দেখা যায় না। পাসপোর্ট বা ট্রাভেল পাসের বিষয়টিকে তিনি “হাস্যকর” বলে মন্তব্য করেন।

বাংলাদেশ-চীন-মিয়ানমার পরিকল্পিত ত্রিদেশীয় করিডোর নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতার শঙ্কা সরকার দেখছে না। করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে এবং এতে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে তার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।