রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জামালপুরে রেলওয়ে ওভারপাসে পাওয়া বোমা রাতে নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর দল, ঈদগাহ মাঠে বিকট শব্দ

ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ দল শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করে; সন্ধ্যা থেকে ওভারপাসে যান চলাচল বন্ধ ছিল।

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পাওয়া বোমাটি শনিবার রাতে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। এর আগে সন্ধ্যা থেকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার রাত ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ শোনা যায়। ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এ অভিযান চালায়।

এর আগে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো ছিল, সঙ্গে তারও দেখা গেছে এবং ওপরে লেখা ছিল ‘সাবধান-বিপজ্জনক’।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়; ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত ছিল। পরে ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।