রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। শুরুতে এ টার্মিনাল দিয়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালিত হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় মন্ত্রী এ কথা জানান। সভায় তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সময়মতো শেষ করতে বলেন।

সভায় চালুর প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে বলেও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।