বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়াল সরকার: বোতলজাত ২০৭, খোলা ১৮৮ টাকা

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন দর ঘোষণা করেছে; খোলা পাম তেলের দাম অপরিবর্তিত।

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত থাকছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করে। সেই তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় জানান, সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনঃসমন্বয় না হওয়ায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আসন্ন রমজানের আগে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তাঁরা দাম পুনঃসমন্বয়ের দাবি জানান।

মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে অভিযান জোরদারের কথা বলা হয়েছে। সভায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।