বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ, ক্ষমা চাওয়ার দাবি

শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে অস্ট্রেলিয়ার পত্রিকা ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটি। প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন। বিবৃতি অনুযায়ী, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে অস্ট্রেলিয়ার ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)-এর ১২ক ধারায় আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলা হয়েছে এবং প্রতিবেদন সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে শুক্রবার সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। সেখানে অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন এক আবেদনে তাঁর ভিসা বাতিলের আহ্বান জানান। প্রতিবেদনে আরও বলা হয়, শফিকুর রহমান হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন এবং ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করেছিলেন। একই প্রতিবেদনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের তিনি ‘শহীদ’ বলেছেন বলেও দাবি করা হয়।

জামায়াতের বক্তব্য, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা। দলটি বলছে, প্রতিবেদনের একটি ভিত্তি রেমন্ড সলোমনের আবেদন; সলোমন শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক হলেও প্রতিবেদনে সেই পরিচয় উল্লেখ করা হয়নি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখানো উদ্দেশ্যমূলক বিকৃতি; শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী। ১৯৭১-সংক্রান্ত পোস্টের বিষয়ে জামায়াতের দাবি, সেটি শফিকুর রহমান লেখেননি, অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছিল; এর প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছিল, মন্তব্য চাওয়া হলেও শফিকুর রহমান সাড়া দেননি। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রতিবেদন প্রকাশের আগে তাঁদের কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি, যা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। পত্রিকাটির পক্ষ থেকে জামায়াতের নোটিশের জবাব পাওয়া গেছে কি না, তা এখনো জানা যায়নি।