শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হরমুজ সংকট ইতিহাসের “সবচেয়ে বড় হুমকি” জ্বালানি নিরাপত্তার জন্য, বিশ্ব জ্বালানি আউটলুকে সতর্কতা আইইএর

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের বৃহত্তম হুমকি তৈরি করেছে।

মধ্যপ্রাচ্য সংকট বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের “সবচেয়ে বড় হুমকি” তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বৃহস্পতিবার সংস্থাটি তাদের বার্ষিক ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’ প্রতিবেদন প্রকাশ করে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই সংকটের ধাক্কা সামলানোর উপায় ক্রমেই ফুরিয়ে আসছে। বিশ্বজুড়ে ভোক্তারা আরও বেশি করে এর মূল্য দিচ্ছেন। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, “হরমুজ প্রণালির সংকট জ্বালানি নিরাপত্তার ইতিহাসে বৃহত্তম হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল ধাক্কার মাত্রাকেও ছাড়িয়ে গেছে।”

সংস্থাটির বিবরণ অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ ও ট্যাংকারে হামলা শুরু করার পর উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে। সংকটের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হতো। যুক্তরাষ্ট্রের নৌযান পাহারা দেওয়ার চেষ্টা সত্ত্বেও সরবরাহ পথ গুরুতরভাবে ব্যাহত রয়েছে।

বিরল বলেন, উৎপাদনকারী দেশগুলো বাজারে বাড়তি সরবরাহ এনেছে ও বিকল্প রুট ব্যবহার করেছে, আর চীন আন্তর্জাতিক বাজার থেকে কেনা কমিয়েছে। সরকারগুলোও ভোক্তাদের কিছুটা সুরক্ষা দিতে হস্তক্ষেপ করেছে। তবু ভোক্তাদের উচ্চ দাম মেনে নিতে হয়েছে, কিছু ক্ষেত্রে সরবরাহ ঘাটতিও দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য সুরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসায় বোঝা ক্রমেই ভোক্তা ও উচ্চ দামের ওপর পড়ছে।

জুলাইয়ে বিরল তুলনামূলক আশাবাদী সুরে বলেছিলেন, তেলের বাজার তখনো “বেশ কিছু প্রশমনকারী উপাদান” থেকে সুবিধা পাচ্ছে। এবার সংস্থাটি সতর্ক করেছে, আগের জ্বালানি ধাক্কার মতোই এই সংকট “স্থায়ী ছাপ” রেখে যাবে।

তুরস্কে চলমান জলবায়ু সম্মেলন কপ৩১-এর সময়েই এই প্রতিবেদন এল। আইইএ তিনটি দৃশ্যপট ব্যবহার করেছে। মধ্যবর্তী দৃশ্যপটে বিভিন্ন সরকারের ঘোষিত নীতি বিবেচনায় নিয়ে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, বৈশ্বিক তেলের চাহিদা ২০৩০ সালের দিকে শীর্ষে পৌঁছে ধীরে কমবে, আর গ্যাসের চাহিদা ২০৩৫ সাল পর্যন্ত বাড়বে। সংকট দীর্ঘস্থায়ী হলে কী হতে পারে, তা নিয়ে এবার আরও দুটি দৃশ্যপট যুক্ত করা হয়েছে।

বিরল বলেন, জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতি যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। তবে সংকট যত দীর্ঘ হবে, প্রভাব তত গভীর হবে। জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরতে পারে, এমন কোনো বিশ্বাসযোগ্য পথ তিনি দেখছেন না।