পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের নয়ন মিয়া (২০) এবং জালালপুর গ্রামের সেলিম মাহমুদ (৪০)। দৈনিক নয়া দিগন্তকে খবরটি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর-গয়েশপুর সড়কে বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।