কক্সবাজার সমুদ্রসৈকতে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউবন কাটা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন প্রশাসনের কর্মকর্তারা ও পরিবেশবাদীরা। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি বলে দাবি করেছে প্রশাসন। অন্যদিকে শত শত ঝাউগাছ কাটার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সচেতন নাগরিকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউবন কেটে কার্নিভাল আয়োজনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা কার্নিভাল এলাকা সরেজমিন পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, যৌথ পরিদর্শনে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি; বিমান চলাচলের নিরাপত্তার জন্য আগে কাটা গাছের গুঁড়ি ঘটনাস্থলে রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী জানান, বিমান ওঠানামার নিরাপত্তার জন্য অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে, যা নিয়মিত কার্যক্রম এবং কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে। দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান বলেন, ঝড়ে উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করে বিক্রি করেছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না, ভবিষ্যতেও কাটা হবে না।
একই দিন দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ঝাউবন রক্ষার দাবিতে মানববন্ধন করেন পরিবেশবাদী ও নাগরিকেরা। এতে সাবেক মেয়র সরওয়ার কামাল, পরিবেশবাদী কলিম উল্লাহ, নাজিম উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, তাঁরা কার্নিভালের বিরোধী নন, তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে আয়োজন করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে পাঁচ দফা দাবি রয়েছে: ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত ও অনুমতিদানকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা, ঝাউবন ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন ও বালিয়াড়ি সুরক্ষা, কার্নিভালের স্থান ঝাউবন থেকে সরিয়ে উন্মুক্ত স্থানে নেওয়া এবং শৈবাল বিচ কোনোভাবেই বেসরকারি খাতে লিজ না দেওয়া।