যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আকস্মিকভাবে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ২০২৫ সালের মার্চে তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল; অর্থাৎ ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন মাত্র দেড় বছরের মতো।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাঁকে “অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী” হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি আমেরিকা-বিষয়ক একজন “দক্ষ বিশেষজ্ঞ” ছিলেন এবং রুশ পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। বিবৃতিতে মৃত্যুর কারণ বা বিস্তারিত বলা হয়নি। তবে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে জানান, দীর্ঘস্থায়ী অসুস্থতায় দারচিয়েভ মস্কোতে মারা গেছেন।
দারচিয়েভ এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের পরিচালক ছিলেন; এই বিভাগ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে। তিনি কানাডায়ও রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই কূটনীতিক ২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার পদক্ষেপকে “প্রয়োজনীয় ব্যবস্থা” বলে উল্লেখ করেছিলেন।
ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর বিরোধ চলাকালে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তাঁকে ওয়াশিংটনে পাঠানো হয়।