শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহের মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল; তলপেট থেকে বুক পর্যন্ত ছিল গভীর ক্ষত। শরীরে কোনো কাপড় ছিল না।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতে উপজেলার পৈলান মোল্যাকান্দি এলাকায় নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাতেই সেটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আজ বুধবার সকালে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেছেন।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের অধিকাংশ পচে-গলে গেছে। এ কারণে আজ সকাল পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। বিচ্ছিন্ন মাথা, হাত ও পায়েরও সন্ধান মেলেনি।
ওসি বলেন, ধারালো কোনো বস্তু দিয়ে হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় আড়াল করতে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয়ে থাকতে পারে।
ময়নাতদন্ত শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, এ সময় মরদেহের ডিএনএসহ অন্য নমুনা সংগ্রহ করা হয়, যার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাবে পুলিশ।