সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে বেতনস্কেলের অসঙ্গতি দূর করা এবং ভবিষ্যতে বেতন গ্রেড ও ভাতা-সংক্রান্ত বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করবে এবং সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দেবে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করার দায়িত্ব কমিটির ওপর দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার কমানো বা বাড়ানো এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবেরা। প্রয়োজন মনে করলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।