প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর এবং মাতারবাড়ী প্রকল্পসংক্রান্ত চুক্তি নিয়ে জনমনে “ধোঁয়াশা” তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি, মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করা, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
শফিকুর রহমান বলেন, জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে এবং তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তিনি সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ বলে অভিহিত করেন এবং বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সক্রিয় থাকবে।
চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে এবং এর সুযোগ নিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা মোকাবেলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়।