শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কৃষকের কাছ থেকে কেনা ৬৮ টাকার নতুন আলু ঢাকার বাজারে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়

উত্তরাঞ্চলের কৃষকের কাছ থেকে কেজিপ্রতি ৬৮ টাকায় কেনা আগাম আলু রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়, ব্যবধান প্রায় ৮০ টাকা।

উত্তরাঞ্চলের কৃষকের কাছ থেকে কেজিপ্রতি ৬৮ টাকা দরে কেনা নতুন আলু রাজধানী ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়। উৎপাদন এলাকা থেকে ঢাকার বাজারে আসতে প্রতি কেজি আলুর দামে ব্যবধান দাঁড়াচ্ছে প্রায় ৮০ টাকা। আগাম নতুন আলুর সরবরাহ শুরু হলেও উচ্চ দামের কারণে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২৫ থেকে ১৫০ টাকায়। আকারে বড় হলেও ভারত থেকে আমদানি করা আলুর দাম প্রায় একই; তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। বৃহস্পতিবার ভোরে কারওয়ান বাজারে পাইকারি দেশি আলু ৮০ থেকে ৯০ টাকা এবং ভারতীয় আলু ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু তুলছেন। রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় তাঁরা আলু তুলে কেজিপ্রতি ৬৮ টাকায় বিক্রি করেছেন। পাইকারেরা মাঠ থেকেই আলু নিয়ে যাচ্ছেন। কৃষকদের ধারণা, ১০০ শতাংশ জমি থেকে ১০ হাজার টাকার বেশি আয় হবে। আগামী এক সপ্তাহ পর পুরোদমে আলু তোলা শুরু হলে দাম আরও কমতে পারে বলেও তাঁদের আশা।

বাজারসংশ্লিষ্টরা জানান, মাঠ থেকে ঢাকার পাইকারি বাজারে পৌঁছানোর আগেই কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকার ব্যবধান তৈরি হচ্ছে। খুচরা বাজারে এই ব্যবধান বেড়ে প্রায় ৮০ টাকায় দাঁড়ায়।

দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা অনেকেই দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা। কারওয়ান বাজারে মাত্র দু-তিনজন খুচরা বিক্রেতাকে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে; বাকিরা পুরোনো আলু বিক্রি করছেন। গত মৌসুমের পুরোনো আলু এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের ভাষ্য, দেশি আলু আকারে ছোট হওয়ায় ক্রেতারা ভারতীয় নতুন আলুর দিকে তুলনামূলক বেশি ঝুঁকছেন।