যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) রাজনৈতিক প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন ঘোষণা এবং নিজেদের রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) থেকে সরাসরি অনুদান দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২১ অক্টোবর) সমর্থকদের কাছে পাঠানো এক ই-মেইলে সংগঠনটি এ কথা জানায়। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এবং তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড খবরটি প্রকাশ করেছে।
মিডল ইস্ট আইয়ের তথ্যমতে, এআইপ্যাক বলেছে, 'সময়ের প্রয়োজনে' তারা কৌশল বদলাচ্ছে এবং আরও কার্যকর ও নমনীয় রাজনৈতিক কার্যক্রম গড়ে তুলতে চায়। এখন থেকে তারা সাধারণ মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রার্থীদের জন্য সরাসরি ও সংগঠিত অনুদান বাড়ানোর ওপর জোর দেবে। টিআরটি জানিয়েছে, চিঠিটি প্রথম প্রকাশ করে জুইশ ইনসাইডার।
তবে এই সিদ্ধান্তে সংগঠনটির সুপার পিএসি ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্টের (ইউডিপি) কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। সুপার পিএসির বাইরের ব্যয়ে কোনো সীমা নেই। মিডল ইস্ট আই জানিয়েছে, ২০২৪ সালের নির্বাচনী মৌসুমে ইউডিপি ৬ কোটি ডলারের বেশি খরচ করেছিল। অন্যদিকে এআইপ্যাকের পিএসি থেকে একজন প্রার্থীকে প্রতি নির্বাচনে সর্বোচ্চ ৫ হাজার ডলার দেওয়ার সুযোগ ছিল। টিআরটি মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে লিখেছে, ২০২৫ সালে এআইপ্যাক ছিল দেশটির সবচেয়ে বড় পিএসি দাতা, প্রার্থী ও অন্যান্য কমিটিকে দিয়েছে ২ কোটি ৬৮ লাখ ডলার।
প্রগতিশীল সংগঠন জাস্টিস ডেমোক্র্যাটসের সাবেক মুখপাত্র ওয়ালিদ শহীদ মিডল ইস্ট আইকে বলেন, এ মৌসুমে এআইপ্যাক সরাসরি দিয়েছে মাত্র প্রায় ৩০ লাখ ডলার, যেখানে এর সদস্যরা ব্যক্তিগতভাবে দিয়েছেন প্রায় ৯ কোটি ডলার। তাই 'এআইপ্যাকের টাকা না নেওয়া' সামনে আর তেমন অর্থবহ রাজনৈতিক স্লোগান থাকবে না বলে তাঁর মত।
এই পরিবর্তন এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনমত বদলাচ্ছে। টিআরটির উদ্ধৃত পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখা মার্কিনির হার ২০২২ সালের ৫৫ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৩৭ শতাংশে নেমেছে। ডেমোক্র্যাট সমর্থকদের ৮০ শতাংশ এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দেন। সিনেটর কোরি বুকার ও রুবেন গায়েগো এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমসহ কয়েকজন ডেমোক্র্যাট এআইপ্যাকের অনুদান না নেওয়ার ঘোষণা দিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ড সিদ্ধান্তটিকে গাজায় 'গণহত্যা' নিয়ে বাড়তে থাকা ক্ষোভের ফল হিসেবে বর্ণনা করেছে।
মিডল ইস্ট আই জানায়, মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের বিরুদ্ধে এআইপ্যাক ৯০ লাখ ডলার পর্যন্ত খরচ করছে বলে খবর বেরিয়েছে। সিনেটর বার্নি স্যান্ডার্স এক্সে এক পোস্টে ভোটারদের এআইপ্যাককে 'না' বলে এল-সায়েদকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। নির্বাচিত হলে এল-সায়েদ হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর। মধ্যবর্তী নির্বাচন হবে আগামী ৩ নভেম্বর।