সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

দশমিনায় ১০ বছর ধরে ভাঙা সুতাবাড়িয়া নদীর সেতু, নৌকায় নদী পেরিয়ে স্কুলে যায় ছয় শতাধিক শিক্ষার্থী

২০১৬ সালে কার্গোর ধাক্কায় মাঝের ৫০ মিটার ভেঙে যাওয়ার পর সংস্কার হয়নি; ঘুরে উপজেলা শহরে যেতে হয় সাত কিলোমিটার।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত একটি সেতু ১০ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ১০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

দশমিনা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সেতুটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। ২০১৬ সালের ১৪ ডিসেম্বর বালুবোঝাই একটি কার্গো সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর সেতুর মাঝখানের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে যায়। ৭৫ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই সেতু দিয়ে একসময় পিকআপ ভ্যান, মাইক্রোবাস, টমটম, রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করত। এখন এসব যানবাহনকে সাত কিলোমিটার ঘুরে উপজেলা শহরে যেতে হয়।

ভাঙা সেতুর দুই প্রান্তে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়ে। এর মধ্যে ছয় শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ পারভেজ ও মুনিয়া জানায়, প্রতিদিন ছোট নৌকায় নদী পার হয়ে তাদের বিদ্যালয়ে যেতে হয়। বর্ষায় নৌকায় নদী পার হতে তাদের ভয় লাগে।

বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সেতুর মাঝখানের প্রায় ৫০ মিটার ভেঙে যাওয়ায় তাঁর ইউনিয়নের ৮০ শতাংশ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকে সেতু সংস্কার বা পুনর্নির্মাণের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে নৌকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শিশুশিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বাসিন্দা মো. শুভ মিয়া বলেন, সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা উচিত।

এ বিষয়ে এলজিইডির দশমিনা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এ টি এম সাদিকুর রহমান বলেন, ভাঙা সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।