চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাঝামাঝি খড়িবাড়ি হাটে অভিযান চালিয়ে পাঁচ হাজারের বেশি বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে নিয়ামতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশিদা খাতুনের নেতৃত্বে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে হাটের বিভিন্ন গুদাম থেকে সারগুলো উদ্ধার করা হয়। এর আগে আগ্রা হাটের একটি গুদাম থেকেও ২১৪ বস্তা সার জব্দ করা হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, খড়িবাড়ি হাটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুটি গুদাম থেকে এক হাজার ২০০ বস্তা এবং আরেকটি প্রতিষ্ঠানের দুটি গুদাম থেকে এক হাজার ২০০ বস্তা সার পাওয়া গেছে। তৃতীয় একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম থেকে উদ্ধার হয়েছে দুই হাজার ৫০০ বস্তা। জব্দ করা সারের মধ্যে রয়েছে ডিএপি ও ইউরিয়া।
প্রশাসন জানিয়েছে, উদ্ধার করা এসব সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মধ্যে বিক্রি ও বিতরণের ব্যবস্থা করা হয়েছে।