রাজশাহীর তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত
মুন্ডমালা কামিল মাদ্রাসায় কৃষিঋণ সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের মুন্ডমালা হাট উপশাখার উদ্যোগে রাজশাহীর তানোরে একটি আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারটি বৃহস্পতিবার বিকেলে মুন্ডমালা কামিল মাদ্রাসার সেমিনার কক্ষে আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক রাজশাহী শাখার শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম। মুন্ডমালা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এই সেমিনার পরিচালিত হয়।
অনুষ্ঠানে মুন্ডমালা বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংক রাজশাহী শাখার সোহানুল রহমান ও অপূর্ব কুমার সরকার, মুন্ডমালা হাট উপশাখার ইনচার্জ আরিফিন এবং ক্যাশিয়ার অনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মুন্ডমালা কামিল মাদ্রাসার শিক্ষক মোফাস্সের মাহাতাব আহম্মেদ, আব্দুল মালেক, ব্যবসায়ী তরিকুল ইসলাম, বাবলুসহ শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব, ব্যাংকিং সেবা গ্রহণের নিয়ম, ঋণ সুবিধা এবং কৃষি খাতে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিভিন্ন ঋণ সুবিধার পাশাপাশি কৃষি উন্নয়নের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় আইএফআইসি ব্যাংক ৭ শতাংশ সুদহারে কৃষকদের বিশেষ কৃষিঋণ বিতরণ করছে বলেও জানানো হয়।
কৃষকদের সহজ শর্তে কৃষিঋণসহ ব্যাংকের অন্যান্য ঋণ সুবিধার বিষয়েও সেমিনারে বিস্তারিত তথ্য দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ব্যাংকের এসব সুবিধা গ্রহণ করে কৃষকরা কৃষি উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে আরও এগিয়ে যেতে পারবেন।