রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে শাহজামাল (৫০) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকে উপজেলার পদ্মা নদীর ভেতরে ভারতীয় সীমান্তসংলগ্ন চর এলাকায় টাস্কফোর্সের অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান চলে উপজেলার আতারপাড়া, চোমাদিয়া ও লক্ষ্মীনগর মৌজায়। অভিযানের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের করা মামলায় অর্থদণ্ড আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সল তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শাহজামাল বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাঘা থানা-পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের প্রায় ৪০ সদস্যের একটি দল অংশ নেয়।
এর আগে রাজশাহীর নদী বাঁচাও আন্দোলন নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন রোধে প্রধানমন্ত্রীর কাছে ১৭ দফা দাবি জানিয়েছিল।